বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আবুধাবিতে আগামী সপ্তাহে ট্রাম্প–পুতিন বৈঠকের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশদুটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, “আগামী দিনগুলোতে পুতিন ও ট্রাম্পের একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে।” বৈঠকের স্থান হিসেবে আবুধাবিকে সম্ভাব্য ‘নিরপেক্ষ ও উপযুক্ত ভেন্যু’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েই মূলত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, “বৈঠকের সম্ভাব্য তারিখ আগামী সপ্তাহের শুরুর দিকে নির্ধারণ করা হয়েছে।”

এমন এক সময়ে এই বৈঠকের ইঙ্গিত মিলল, যখন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মস্কো সফর করছেন এবং বুধবার তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প–পুতিন বৈঠকের জন্য পথ তৈরি করতে পারে।

এ সম্ভাব্য বৈঠক নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে, কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও অংশগ্রহণের যথাযথ স্থান নাও থাকতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এক শীর্ষ কূটনীতিক মন্তব্য করেছেন, “যেকোনো আলোচনায় ইউক্রেনকে বাদ দিয়ে সমাধানের চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

বিশ্লেষকরা বলছেন, পুতিন–ট্রাম্প বৈঠক সফল হলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নতুন মোড় নিতে পারে। তবে উভয়পক্ষের রাজনৈতিক স্বার্থ, পশ্চিমা জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রশিয়াকে ট্রাম্পের দেওয়া ‘আল্টিমেটাম’ শুক্রবার শেষ হচ্ছে। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোকে লক্ষ্য করে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হুমকির মুখে ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে পুতিন-ট্রাম্পের আসন্ন বৈঠকের খবর এসেছে।

উল্লেখ্য, ট্রাম্প ইতোমধ্যে প্রকাশ্যে বলেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ “২৪ ঘণ্টার মধ্যে” শেষ করার পরিকল্পনা করেছেন—যা তাকে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।