অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের পক্ষে এক শান্তিপূর্ণ ও ঐতিহাসিক বিক্ষোভে অংশ নিয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। রবিবার (৩ আগস্ট) সিডনির বিখ্যাত হারবার ব্রিজে অনুষ্ঠিত এই মানবাধিকারের মিছিলে অংশ নেয় বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ।
‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক বিক্ষোভটি শনিবার রাতে নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের অনুমোদন পায়, যা আয়োজকদের মতে এক “ঐতিহাসিক রায়”।
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে রাস্তায় নেমে আসেন। মিছিলে উপস্থিত ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক, এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
হারবার ব্রিজ স্লোগানে মুখর ছিল। অংশগ্রহণকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল: ‘শেম শেম ইসরায়েল’, ‘শেম শেম ইউএসএ’, ‘যুদ্ধবিরতি চাই – এখনই চাই’। অনেকেই পরিবার ও ছোট সন্তানদের নিয়ে মিছিলে যোগ দেন।
তিন বছরের ছেলেকে নিয়ে আসা অ্যালে বেভিল বলেন, “এটি হয়তো আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনেও পড়ে।” আরেক অংশগ্রহণকারী জারা উইলিয়ামস বলেন, “গোটা একটি জনগোষ্ঠীর ওপর অনাহার চাপিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না।”
প্রথমে পুলিশ অনুমতি না দিলেও আদালতের নির্দেশে হারবার ব্রিজ বন্ধ করে বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ জননিরাপত্তার কথা বলে সবাইকে মিছিল বন্ধ করে শহরের দিকে ফিরে যেতে এসএমএস পাঠায়।
এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা জানান, আয়োজকেরা ৫০ হাজারের অংশগ্রহণ আশা করলেও বাস্তবে প্রায় ৯০ হাজার উপস্থিত হয়, যা বড় ধরনের “ক্রাউড ক্রাশ” বা পদদলনের ঝুঁকি সৃষ্টি করেছিল।




