বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এখনো রয়েছে: আরাগচি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

আরাগচি বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে পরমাণু আলোচনার পথ আগের চেয়ে আরও সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ চলাকালে আমেরিকার প্রত্যক্ষ সম্পৃক্ততা ইরানের আলোচনায় ফেরার আগ্রহকে কঠিন করে তুলেছে।

তিনি বলেন, “আমরা স্বাভাবিক বাণিজ্যিক আলোচনায় ফিরতে পারি না, যখন একদিকে আলোচনা চলছে আর অন্যদিকে আমাদের ওপর হামলা হয়। আমেরিকাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে এ ধরনের ঘটনা আর ঘটবে না।”

ইরান আগেও আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক ক্ষতিপূরণ চেয়েছিল আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে। এবারের সাক্ষাৎকারে সেই অবস্থান আরও দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন আরাগচি। তাঁর ভাষায়, “যেকোনো আলোচনায় অর্থনৈতিক ক্ষতিপূরণের বিষয়টি থাকতে হবে এবং আলোচনার সময় ইরানের ওপর কোনো সামরিক হামলা করা যাবে না।”

আরাগচি জানান, যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ও আমেরিকার রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বার্তা বিনিময় করেছেন। উভয়পক্ষ একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করতে আগ্রহ প্রকাশ করেছে। উইটকফ আলোচনার দরজা এখনো খোলা আছে বলে আশ্বস্ত করেছেন এবং তেহরানকে ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শর্তসাপেক্ষেই আলোচনায় ফিরবে।

ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে আরাগচি বলেন, ইসফাহানের কাছে তৃতীয় একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত ছিল, যদিও এখনো সেটি চালু হয়নি। তার ধারণা, যুদ্ধ শুরুর আগেই কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছিল।

তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনাবিরোধী মনোভাব তৈরি করেছে, যা ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।