চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। শহরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে পড়েছে এবং প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাজধানীসহ হেবেই, জিলিন, শানডং প্রদেশে ভারী বৃষ্টির কারণে বিপর্যয় নেমে এসেছে। বেইজিংয়ের পৌর বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরতলির মিয়ুন জেলা, যেখানে মৃতের সংখ্যা তুলনামূলক বেশি। উত্তরের হুয়াইরো ও দক্ষিণ-পশ্চিমের ফাংশান জেলাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেইজিং ডেইলির তথ্য অনুযায়ী, দুর্যোগে ১৩০টির বেশি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। পানির তোড়ে যানবাহন ভেসে যেতে দেখা গেছে। একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা বলেন, “ভোরে বন্যার পানির প্রবল স্রোতে গাড়ি ভেসে যেতে দেখি।”
উদ্ধারকাজে অংশ নিচ্ছেন অগ্নিনির্বাপক কর্মী ও সেনাবাহিনী। সিসিটিভি জানিয়েছে, মিয়ুনের একটি বৃদ্ধাশ্রম থেকে ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধার ও প্রাণহানি ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
সোমবার সিসিটিভি জানিয়েছে, বন্যাপ্রবণ ৯টি অঞ্চলের জন্য সরকার ৩৫০ মিলিয়ন ইউয়ান এবং রাজধানীর জন্য ২০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। হেবেই প্রদেশে ভূমিধসে চারজন নিহত হয়েছেন এবং আরও আটজন নিখোঁজ রয়েছেন। অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
২০২৩ সালের মতো এবারও উত্তর চীনে টানা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সে বছরেও বন্যায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।




