গাজা উপত্যকায় বর্তমানে যে ভয়াবহ অনাহারের পরিস্থিতি চলছে, তা সম্পূর্ণরূপে মানবসৃষ্ট এবং এর প্রধান কারণ হচ্ছে ত্রাণ প্রবেশে আরোপিত অবরোধ—বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আদানম গেব্রেইয়েসুস।
বুধবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।
জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, “আমি জানি না একে আর কী নামে ডাকবেন—এটা নিঃসন্দেহে গণঅনাহার। এবং এটা মানুষেরই তৈরি। কারণ একটাই—এটা অবরোধের ফল।”
টেডরসের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন বিশ্বের ১০০টিরও বেশি মানবিক সংস্থা গাজায় ক্ষুধা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা জানায়, গাজার ঠিক বাইরেই টনকে টন খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সামগ্রী পড়ে আছে, যা সেখানে প্রবেশ করতে পারছে না।
২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল গাজার উপর পূর্ণ অবরোধ আরোপ করে। মার্চে সমস্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। মে মাসে অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হলেও কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকে—যার উদ্দেশ্য বলা হয়, ত্রাণ যেন সশস্ত্র গোষ্ঠীর হাতে না পড়ে।
তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্যমতে, প্রয়োজনের তুলনায় ত্রাণ প্রবাহ এখনো চরমভাবে অপ্রতুল।
ইসরায়েল দাবি করেছে, তারা যথেষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ করেছে, তবে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। তারা হামাসকেই গাজার ২২ লাখ মানুষের দুর্ভোগের জন্য দায়ী করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতরাতে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এসব মৃত্যুর বেশিরভাগই সাম্প্রতিক সময়ে ঘটেছে, যখন গাজায় অনাহারের ঢেউ বইছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০২৫ সালে অন্তত ২১ জন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে অপুষ্টি চিকিৎসা কেন্দ্রগুলোতে তীব্র ভিড় রয়েছে, কিন্তু জরুরি খাদ্য ও ওষুধের ঘাটতি চরমে।
মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন ধরে কোনো খাদ্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারেনি, বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। পরবর্তীতে সীমিত কিছু ত্রাণ প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, গাজায় বর্তমানে প্রতি ১০ জনে একজন গুরুতর বা মাঝারি অপুষ্টিতে ভুগছে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই হার ২০% পর্যন্ত পৌঁছেছে।
শুধুমাত্র জুলাই মাসেই ৫,১০০ শিশু অপুষ্টি চিকিৎসা কর্মসূচিতে ভর্তি হয়েছে, যার মধ্যে ৮০০ শিশু মারাত্মকভাবে দুর্বল ও হাড়সর্বস্ব।
গাজার অনাহার পরিস্থিতি এখন কেবল একটি মানবিক সংকট নয়, এটি একটি নৈতিক ও আন্তর্জাতিক মানবাধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিরাপদ ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।




