রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারত, চীন ও ব্রাজিলের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইউএস সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।
গ্রাহামের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশ আমদানি করে ভারত, চীন ও ব্রাজিল। তাদের এই আমদানি সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আগ্রাসন চালিয়ে যেতে সহায়তা করছে। তিনি বলেন, “পুতিন থামবে না যতক্ষণ না কেউ তাকে থামায়। তাই বিশ্বের বড় একটি অংশ এখন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে।”
সাক্ষাৎকারে গ্রাহাম পুতিনকে সরাসরি সতর্ক করে বলেন, “আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুলভাবে মূল্যায়ন করেছেন, এবং এটি আপনার জন্য বড় ভুল হতে যাচ্ছে। আপনার অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে থাকব, যেন তারা নিজেদের রক্ষা করতে পারে।”
এ বিষয়ে এর আগে সিনেটর গ্রাহাম একটি বিলও উত্থাপন করেন, যাতে ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানানো হয়।
এই হুঁশিয়ারির সঙ্গে একমত পোষণ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সম্প্রতি বলেন, “ব্রাজিল, চীন ও ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তবে তারা আমেরিকার দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।”
এর আগের দিনেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে, তাহলে রাশিয়ার রপ্তানি অংশীদারদের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে।
বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ও ন্যাটোর এমন অবস্থান রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে, তবে একই সঙ্গে ভারত, চীন ও ব্রাজিলের সঙ্গে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক টানাপড়েনও বাড়তে পারে।




