বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিরিয়ায় ইসরায়েলের হামলা, তুরস্কের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সিরিয়ায় সম্প্রদায়গত সহিংসতার মধ্যে ইসরায়েলের বিমান হামলা উত্তেজনা বাড়িয়েছে; তুরস্ক বলেছে, সিরিয়ার অখণ্ডতা নষ্ট হলে ফল হবে ভয়াবহ।

বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সম্প্রদায়ভিত্তিক সহিংসতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ড্রুস ও বেদুইন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব থেকে শুরু হওয়া সংঘর্ষ এখন বড় আকার ধারণ করেছে। এর মাঝে ১৬ জুলাই ইসরায়েল ড্রুস সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলে সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে, যা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংঘাতের সূত্রপাত হয় যখন সুইদা এলাকায় এক বেদুইন ব্যক্তি নিহত হন। ড্রুস সম্প্রদায়ের ওপর প্রতিশোধমূলক আক্রমণ চালায় বেদুইনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সরকারি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে, কিন্তু তা সংঘর্ষ আরও জটিল করে তোলে। এই প্রেক্ষাপটে ইসরায়েল দাবি করে, তারা ড্রুস জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “ড্রুসরা আমাদের ভাই। তাদের বিরুদ্ধে যদি কোনো হামলা হয়, ইসরায়েল নিরব থাকবে না।” এরপরই ইসরায়েলি বিমানবাহিনী দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

ইসরায়েলের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, “সিরিয়ার অখণ্ডতা নষ্ট হতে দেওয়া হবে না। ইসরায়েল ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার অজুহাতে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সিরিয়ার অভ্যন্তরে হস্তক্ষেপ করছে।” তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় বহুদিন ধরে চলা গৃহযুদ্ধ, সম্প্রদায়গত বিভাজন ও বিদেশি শক্তির হস্তক্ষেপ দেশটিকে স্থিতিশীল হতে দিচ্ছে না। ড্রুসরা বহুদিন ধরেই নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্রধারী বাহিনী গঠন করেছে। অপরদিকে, বেদুইনরা সরকারের প্রতি অনুগত হলেও স্থানীয় সম্পদ ও নিরাপত্তা নিয়ে বহু অভিযোগ রয়েছে।

তুরস্ক, আমেরিকা ও অন্যান্য দেশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত কূটনৈতিক কোনো সমাধানের পদক্ষেপ দেখা যায়নি। আন্তর্জাতিক মহলের মতে, এই সংঘাত যদি অব্যাহত থাকে, তা সিরিয়ায় নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে।