বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রতিপক্ষকে আরও বড় আঘাত দিতে সক্ষম ইরান: খামেনি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরান যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দেখা গেছে যে, ইরান তার প্রতিপক্ষকে এর চেয়েও বড় আঘাত দিতে সক্ষম।

বুধবার তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, “আমাদের জাতি আমেরিকা এবং তার ‘শিকলবন্দি কুকুর ইহুদিবাদী’ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এটি অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলা ছিল একটি শক্ত বার্তা। এটি একটি সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি ছিল। ভবিষ্যতে আরও বড় আঘাত আসতে পারে।”

এ সময় তিনি উল্লেখ করেন, “ইরানি জাতি কোনো যুদ্ধক্ষেত্রে দুর্বল পক্ষ হিসেবে আবির্ভূত হবে না। কারণ আমাদের কাছে প্রয়োজনীয় উপায়, যুক্তি এবং শক্তি—সবই রয়েছে। আল্লাহর ইচ্ছায়, আমরা কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করব।”

খামেনি ইরানি কূটনীতিকদের ‘নির্দেশিকা’ মেনে চলার আহ্বান জানান এবং বলেন, তারা যেন বিস্তারিত না বলে বরং দৃঢ়ভাবে তাদের কাজ চালিয়ে যায়।

এদিকে আমেরিকা ও ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য—আগামী আগস্টের শেষ নাগাদ ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি চায়। অন্যথায় জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছে।

এই বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আমাদের সামনে নিষেধাজ্ঞা পুনর্বহাল ছাড়া আর কোনো পথ থাকবে না।”

এরই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্টও এক বিবৃতিতে বলেছে, “যতক্ষণ না পূর্বশর্ত পূরণ হচ্ছে, ততক্ষণ আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।”