বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরাকে আমেরিকার তেল কোম্পানির স্থাপনায় ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে আমেরিকার মালিকানাধীন একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এই হামলায় কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে এইচকেএন এনার্জি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, কুর্দিস্তানের দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই হামলা হয়। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তেলক্ষেত্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এইচকেএন এনার্জির এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার পর জরুরি পরিষেবা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হামলায় স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। সরকার বলছে, এটি কুর্দিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা।

এর আগের দিন সোমবার কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরক বহনকারী অন্তত তিনটি ড্রোন ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত হয় এবং দুটি ড্রোন খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, আরবিল বিমানবন্দরে আমেরিকার সৈন্যদের আবাস রয়েছে। বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে, যারা আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন ও রকেট হামলা বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাধারণত ইরান-সমর্থিত ইসরায়েল ও আমেরিকা-বিরোধী গোষ্ঠীগুলো এই ধরনের হামলার সঙ্গে জড়িত থাকে। তবে সর্বশেষ এই হামলাগুলোর দায় এখনও কেউ স্বীকার করেনি।