সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। স্থানীয় সময় রবিবার বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ নিহত হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি। এসেক্স পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলকে “সিরিয়াস ইনসিডেন্ট” হিসেবে ঘোষণা করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দুর্ঘটনার পর ১২ মিটার দীর্ঘ বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী। পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, বিপজ্জনক এলাকা রেসপন্স ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রাগবি ক্লাবে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, “আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।”

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্টও এক্স-এ লেখেন, “সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা।”

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হয়নি।