বিশ্বব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “জাতিসংঘ আজ এমন এক স্তরে এসে দাঁড়িয়েছে, যেখানে এর কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সময়ের প্রেক্ষাপটে আর প্রাসঙ্গিক নয়।”
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক মতামতভিত্তিক লেখায় লুলা এই মন্তব্য করেন। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “২০২৫ সাল জাতিসংঘের ৮০তম বার্ষিকী হলেও এটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে আন্তর্জাতিক শৃঙ্খলা ও সহাবস্থানের অবসানের বছর হিসেবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন এমন এক ঘূর্ণায়মান বৃত্তে আটকে গেছি, যেখানে আলোচনার পর আলোচনার পরেও কার্যকর কোনো সিদ্ধান্ত আসছে না। ফলে বৈশ্বিক সংকটগুলো সমাধান তো হচ্ছেই না, বরং আরও জটিল হয়ে উঠছে।”
বিশ্বব্যবস্থায় নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর মধ্যে জাতিসংঘ অন্যতম হলেও, এর বর্তমান কাঠামো ও সদস্য দেশের স্বার্থনির্ভর অবস্থানকে দায়ী করেন লুলা। তিনি মনে করেন, এ ধরণের কাঠামো আন্তর্জাতিক সংকট যেমন জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-বিভ্রান্তি ও বৈষম্য মোকাবিলায় ব্যর্থ হচ্ছে।
লুলা বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা ছাড়া এই প্রতিষ্ঠান আর ভবিষ্যতের সংকট মোকাবিলায় সক্ষম হবে না।”
জাতিসংঘের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো স্থায়ী সদস্যদের ‘ভেটো’ ক্ষমতা এবং উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণহীনতাকেও কাঠামোগত বৈষম্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
এমন সময়ে লুলার এই মন্তব্য এসেছে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং বৈশ্বিক শরণার্থী সমস্যার মতো একাধিক জটিল ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ বলে সমালোচিত।
তবে লুলা শুধু সমালোচনাই করেননি, তিনি ভবিষ্যতের জন্য একটি ভিন্নতর কাঠামোর প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমাদের এমন এক জাতিসংঘ প্রয়োজন, যেখানে প্রতিটি দেশের কণ্ঠস্বর সমান গুরুত্ব পাবে এবং বৈশ্বিক সিদ্ধান্তে অংশগ্রহণ থাকবে ন্যায়নিষ্ঠ।”
বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় জাতিসংঘের ভূমিকা ও কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেক রাষ্ট্রনেতা ও বিশ্লেষক। তবে একজন গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশের নেতা হিসেবে লুলার এই বিবৃতি জাতিসংঘ সংস্কারের দাবিকে আরও জোরালো করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




