ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভুমিধস বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে। তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গতকাল শুক্রবার এক এক্স বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। ওই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’
এর আগে গতকাল সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এক্সে এক বার্তায় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
নির্বাচনে বিজয় অর্জনের জন্য বিএনপিকে অভিনন্দন জানিয়ে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের এক বার্তায় বলা হয়, একটি নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন। একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে তিনি বার্তায় বলেন, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা অপেক্ষায় আছি।’
ঢাকায় চীনের দূতাবাসও গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন লক্ষ করেছে যে বাংলাদেশে নির্বাচন স্থিতিশীল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন জানায়। তিনি আরও জানান, চীন-বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
এই তিন দেশ ছাড়াও গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান।




