বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তিক্ততা কাটিয়ে সম্পর্ক জোরদারে শি জিনপিং ও স্টারমারের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। উভয় নেতা এই সম্পর্ককে ‘পরিণত ও উন্নত সম্পর্কের যুগে’ রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

২০১৮ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করলেন। চার দিনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং স্টারমারকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। পরে স্টারমার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

স্টারমার বলেন, চীন বৈশ্বিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি। সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করার পাশাপাশি মতবিরোধের ক্ষেত্রেও অর্থবহ সংলাপ চালানো জরুরি। জবাবে শি জিনপিং বলেন, চীন ও ব্রিটেনের সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, যা কোনো দেশের স্বার্থে ছিল না। তিনি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তুতির কথা জানান।

বৈঠকে ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়—পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। এছাড়া ডাউনিং স্ট্রিট দুই দেশের মধ্যে ১০টি বিশেষ চুক্তির তালিকা প্রকাশ করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে আন্তর্দেশীয় অপরাধ ও অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা, সেবা খাতে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ, পণ্যের মান নির্ধারণে পারস্পরিক সহযোগিতা, রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিশন শক্তিশালীকরণ, আবাসন ও ক্রীড়াশিল্পে বিনিয়োগ, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা, পশু-পাখি ও উদ্ভিদ কোয়ারেন্টিনে সহযোগিতা এবং জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময়।

বিশ্লেষকদের মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনিশ্চিত শুল্কনীতি ও কঠোর অবস্থানের কারণে ব্রিটেন বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজছে। এ প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে স্টারমারের সরকার।

বৈঠকে স্টারমার ফুটবলপ্রেমী শি জিনপিংকে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের ম্যাচে ব্যবহৃত একটি ফুটবল উপহার দেন। বৈঠকে স্পর্শকাতর রাজনৈতিক বিষয় এড়িয়ে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই বৈঠককে যুক্তরাজ্য-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।