বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গণভোটে সরকারি কর্মকর্তাদের হ্যাঁ’–‘না’ প্রচারে নিষেধাজ্ঞা জারি করল ইসি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দেশনা জারি করেছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি জনগণকে গণভোট সম্পর্কে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তারা জনগণকে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দিতে আহ্বান জানাতে পারবেন না। এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। এ কারণে সরকারি কর্মকর্তারা কোনো পক্ষ নিয়ে প্রচার চালাতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইসির নতুন নির্দেশনা সেই বিতর্কের অবসান ঘটিয়েছে।