বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরানে আমেরিকার সম্ভাব্য হামলা, সর্বাত্মক প্রস্তুত ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে আমেরিকা ও ইরানকে ঘিরে। আমেরিকা কর্তৃক ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সর্বাত্মক প্রস্তুতি ঘোষণা করেছে। রবিবার (২৫ জানুয়ারি) ইসরায়েলের নর্দান কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো জানিয়েছেন, আমেরিকার হামলা শুরু হলে ইরান ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে তারা উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাতে যোগ দিতে পারে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বা গণ-ফাঁসি কার্যকর হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে। ইতোমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বিশাল নৌবহর ভারত মহাসাগরে অবস্থান করছে। সোমবার (২৫ জানুয়ারি) অতিরিক্ত যুদ্ধবিমান, রিফুয়েলিং ট্যাংকার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড।। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো হামলাকে তারা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে এবং আমেরিকার ঘাঁটি ও মিত্র ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে।

এই পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধের ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে কেএলএমসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস তেল আবিব, দুবাই ও রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্স পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে ইসরায়েলি এয়ারলাইনসগুলো যাত্রীদের টিকিট বাতিলের শর্ত শিথিল করেছে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় আকাশসীমা বন্ধ থাকায় হাজার হাজার মানুষ আটকা পড়েছিলেন।

এদিকে লেবাননে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে হিজবুল্লাহর বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম ঘোষণা করেছেন, ইরানে হামলা হলে তারা নিরপেক্ষ থাকবে না, বরং পাল্টা আঘাত হেনে আমেরিকাকে জবাব দেবে।

যদিও ইরান ও মিত্রদের কঠোর অবস্থান স্পষ্ট, ট্রাম্প দাবি করেছেন ইরান আলোচনায় বসতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি ইরানি তেল পাচারের অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।