ভারত ও চীনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৬ জানুয়ারি) চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শি চিনপিং বলেন, গত বছরজুড়ে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এর গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। তিনি ‘ড্রাগন ও হাতি একসঙ্গে নাচছে’ এমন রূপক ব্যবহার করে দুই দেশের ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন।
চীনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, স্বাস্থ্যকর ও স্থিতিশীল সম্পর্কের জন্য উভয় দেশ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও সহযোগিতা বাড়াবে এবং একে অপরের উদ্বেগ বিবেচনায় নেবে।
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখনও স্পষ্টভাবে চিহ্নিত নয়। ১৯৫০-এর দশক থেকে সীমান্ত বিরোধ চলমান। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হওয়ার পর সম্পর্কের অবনতি ঘটে। এরপর উভয় দেশ সীমান্তে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন করে।
তবে সাম্প্রতিক সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সফর এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কারণে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বাড়িয়ে তুলছে।
চীনের নেতারা বারবার বলেছেন, সীমান্ত সমস্যা দিয়ে সামগ্রিক চীন-ভারত সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয়। তাদের মতে, বাণিজ্য, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ও বৈশ্বিক শাসনের মতো ক্ষেত্রে সহযোগিতা অপরিহার্য।
চীন মনে করে, দ্বিপক্ষীয়ভাবে সংলাপ ও আস্থা বাড়ানোর পাশাপাশি বহুপাক্ষিকভাবে ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও চীনের বিশাল সুযোগ রয়েছে। এতে দ্বিপক্ষীয় সমস্যার সমাধানের জন্যও অনুকূল পরিবেশ তৈরি হবে।




