বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা-রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দ্বিতীয় দিনের বৈঠকে আমেরিকা, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মুখপাত্র ডায়ানা দাভিতিয়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও নিশ্চিত করেছে যে আলোচনার পর রুশ প্রতিনিধিদল হোটেলে ফিরে গেছে।

তাসের প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলে। আলোচনায় ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করেন প্রতিনিধিরা। বৈঠকে বাফার জোন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা–সংক্রান্ত শর্ত ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার সবচেয়ে জটিল ইস্যু ছিল ডনবাস অঞ্চল। রাশিয়া এ অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আলোচনার প্রাথমিক ফলাফল তিন পক্ষই নিজ নিজ সরকারকে অবহিত করবে। এরপরই বিস্তারিত তথ্য জানা যাবে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে প্রথমবারের মতো আমেরিকা, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ত্রিপক্ষীয় আলোচনায় বসেন। দুই দিনের এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।