গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে আমেরিকা ও ডেনমার্কের টানাপোড়েনের মধ্যে রাশিয়া হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২১ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড কার নিয়ন্ত্রণে থাকবে তা আমেরিকা ও ডেনমার্কের বিষয়, রাশিয়ার নয়।
পুতিন ডেনমার্কের সমালোচনা করে বলেন, দেশটি দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডকে কার্যত উপনিবেশ হিসেবে শাসন করেছে এবং সেখানে কঠোর আচরণ করেছে। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে স্মরণ করান, ১৮৬৭ সালে রাশিয়া আলাস্কা আমেরিকার কাছে বিক্রি করেছিল মাত্র ৭.২ মিলিয়ন ডলারে এবং ১৯১৭ সালে ডেনমার্ক আমেরিকাকে ভার্জিন আইল্যান্ডস বিক্রি করে। মুদ্রাস্ফীতি ও আয়তন বিবেচনায় গ্রিনল্যান্ড কিনতে প্রায় ১ বিলিয়ন ডলার লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থান নেন। তিনি ডেনমার্কের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসে সমঝোতার ইঙ্গিত দেন। বিশ্লেষকদের মতে, এই ইস্যু ট্রান্সআটলান্টিক সম্পর্কের বড় সংকট তৈরি করতে পারত।
রাশিয়া সতর্ক অবস্থান নিয়েছে, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না মস্কো। যদিও ডেনমার্ক ইউক্রেনকে সহায়তা দেওয়ায় রাশিয়া ক্ষুব্ধ, তবু গ্রিনল্যান্ড ইস্যুতে সরাসরি সমালোচনা করেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বাভাবিক অংশ নয়, তবে আমেরিকা ও ডেনমার্ককেই বিষয়টি সমাধান করতে হবে।




