ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রেখেছি।”
এদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, আমেরিকা হামলা চালালে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। তেহরান ওয়াশিংটনকে ‘ভুল হিসাব-নিকাশ’ না করার পরামর্শ দিয়েছে।
চীনও ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার (১২ জানুয়ারি) বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক কাজ আরও বেশি করে করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই।”
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে। তিনি বলেন, “আমরা কখনো আলোচনার টেবিল ত্যাগ করিনি। সুইজারল্যান্ডের মাধ্যমেও যোগাযোগ চলছে।” তবে তিনি আমেরিকার বার্তাগুলোকে ‘বিরোধপূর্ণ ও অবিশ্বাসযোগ্য’ বলে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে দাবি করেন, দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে যাতে ট্রাম্প সামরিক হস্তক্ষেপের অজুহাত পান। আরাঘচি বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি।”
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করে তাকে ইতিহাসের কুখ্যাত স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, “ফেরাউন, নমরুদ ও রেজা শাহ ক্ষমতার চূড়ায় থাকতেই পতন হয়েছিল। তার (ট্রাম্প) পতনও অনিবার্য।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, গত দুই সপ্তাহে ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে।




