বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠনের পথে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোট গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে ভালো পর্যায়ে রয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আংকারা ও রিয়াদের সঙ্গে ইসলামাবাদের সামরিক সম্পর্কও ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে।

এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তান শিগগিরই সুদানের সেনাবাহিনীর সঙ্গে ১৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। এতে ১০টি কারাকোরাম-৮ যুদ্ধবিমান, ২০০টির বেশি ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে পাকিস্তান। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আমির মাসুদ জানিয়েছেন, এই বিক্রি চূড়ান্ত এবং এর সঙ্গে জেএফ-১৭ যুদ্ধবিমানও যুক্ত হতে পারে।

ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি হলে তিনটি প্রভাবশালী দেশ একত্রিত হবে—তেলসমৃদ্ধ সৌদি আরব, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীসমৃদ্ধ তুরস্ক। ইসলামাবাদ ও আংকারা বর্তমানে বড় অস্ত্র উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করছে। তুরস্ক ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন সরবরাহ করেছে, সিরিয়া ও লিবিয়ায় সেনা মোতায়েন করেছে।

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান সামরিক দক্ষতাকে অর্থনৈতিক লাভে রূপ দিতে চাইছে। গত ডিসেম্বরে দেশটি লিবিয়ার ন্যাশনাল আর্মির কাছে ১৬টি জেএফ-১৭ যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বিক্রির জন্য ৪০০ কোটি ডলারের চুক্তি করে। এর আগে সৌদি আরব ও পাকিস্তান প্রায় ২০০ কোটি ডলারের সৌদি ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা চালায়।

ইতিহাসগতভাবে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও সৌদি আরব ও তুরস্কের মধ্যে সব সময় সখ্য ছিল না। আরব বসন্তের সময় এরদোয়ান গণআন্দোলনকে সমর্থন করেছিলেন, যা সৌদি রাজতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা হয়েছিল। তবে সময়ের সঙ্গে আঞ্চলিক সমীকরণ বদলেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ, লেবানন ও সিরিয়ায় হামলা নিয়ে যৌথ উদ্বেগের কারণে এরদোয়ান ও সিসির মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। সৌদি আরব ও তুরস্কও ২০২১ সালের পর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে।

সিরিয়া ও সুদানের মতো স্পর্শকাতর অঞ্চলে সৌদি আরব ও তুরস্ক একই পক্ষকে সমর্থন করছে। অন্যদিকে সৌদি আরব ও ইউএইয়ের অংশীদারিত্বে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ইয়েমেনে ইউএই-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে সৌদি হামলা চালিয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্ক-সৌদি-পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।