রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে দেখা করে সামাজিক মাধ্যমে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, শিগগিরই এ বিলটি আইনসভায় পেশ করা হবে এবং আগামী সপ্তাহেই এ নিয়ে ভোটাভুটি হতে পারে।
গ্রাহাম বলেন, দ্বিপক্ষীয় ‘রাশিয়া স্যাংশন বিল’-এর লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা। তিনি উল্লেখ করেন, যেসব দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা এই বিলের মাধ্যমে ট্রাম্পকে দেওয়া হবে।
গত রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ভালো মানুষ” আখ্যা দিয়ে বলেন, ভারত আমাকে খুশি করতে চেয়েছিল। তবে প্রয়োজনে তাদের ওপর দ্রুত শুল্ক বসানো সম্ভব।
এর আগে গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল আমেরিকা। এবার প্রস্তাবিত ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’-এর মাধ্যমে শুল্কের হার বাড়িয়ে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত করা হতে পারে।
ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণীত এ বিল পাস হলে হোয়াইট হাউজকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর তথ্যানুযায়ী, নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ। ব্রাজিলও সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে রাশিয়ার তেল আমদানি করেছে।




