বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবির বিরুদ্ধে ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইউরোপীয় নেতারা। তারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের নেতারা এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে একমত হয়ে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও ন্যাটোর মূল চেতনার পরিপন্থি।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে থাকায় ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। হোয়াইট হাউজের উপপ্রধান চিফ অব স্টাফ স্টিফেন মিলারও এ অবস্থানকে সমর্থন করে বলেন, আমেরিকার সামগ্রিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হওয়া উচিত।

তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের নেতারা বারবার আমেরিকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এমন কোনো পদক্ষেপ ন্যাটো জোটকে দুর্বল করবে এবং ইউরোপের নিরাপত্তা কাঠামোকে ঝুঁকির মুখে ফেলবে।

স্টিফেন মিলার অবশ্য স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সামরিক পদক্ষেপের আলোচনা হচ্ছে না। তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার সঙ্গে কেউ সামরিকভাবে লড়াইয়ে জড়াবে না।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকা ও ইউরোপের এই টানাপোড়েন ভবিষ্যতে ন্যাটো জোটের অভ্যন্তরীণ ঐক্য ও ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।