ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মধ্যরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে জানান, মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে মাদক পাচার ও সন্ত্রাসবাদসংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে।
ট্রাম্প অভিযানে কোনো আমেরিকার সেনা নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন বলে জানান। তিনি একে “অসাধারণ সাফল্য” হিসেবে অভিহিত করেন এবং বলেন, পুরো অভিযানটি তিনি টেলিভিশন শো দেখার মতো প্রত্যক্ষ করেছেন।
কারাকাসে ভোররাতে বিমান হামলা ও হেলিকপ্টার অভিযানে সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে।
বর্তমানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকার নৌবাহিনীর উভচর আক্রমণ জাহাজ ‘আইও জিমা’-তে রাখা হয়েছে। সেখান থেকে তাদের নিউ ইয়র্কে পাঠানো হবে। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, তারা আইনের পূর্ণ কঠোরতার মুখোমুখি হবেন।
আন্তর্জাতিক অঙ্গনে এ অভিযানের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন। চীন ও ইরানসহ মাদুরোর মিত্র দেশগুলো হামলার নিন্দা জানিয়েছে। ফ্রান্স সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার সংকটের সমাধান বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়ন সংযমের আহ্বান জানিয়েছে এবং স্পেন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “স্বাধীনতার ক্ষণ এসে গেছে।” তিনি বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়াকে অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
তেল, মাদক ও অভিবাসন ইস্যুতে দীর্ঘদিন ধরে আমেরিকার ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প দাবি করেছেন, মাদকজনিত মৃত্যুর জন্য ভেনেজুয়েলা দায়ী এবং এ কারণেই অভিযানটি ন্যায্য। তবে ভেনেজুয়েলায় এখন কী হবে—তা স্পষ্ট নয়।




