ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।
এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে ঢাকায় তলব করা হয়েছিল। সে সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ জানায় বাংলাদেশ সরকার। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা চাওয়া হয়।
পরবর্তীতে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এক সপ্তাহের ব্যবধান না যেতেই আবারও একই পদক্ষেপ নিল দিল্লি।
এই ধারাবাহিক পাল্টা তলব দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলছে।




