বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিজয় দিবসে মোদি-রাহুল-প্রিয়াঙ্কার পোস্টে নেই বাংলাদেশ প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দিনটি উপলক্ষে সামাজিকমাধ্যমে পৃথক পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তবে তাদের পোস্টে নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিজয়ের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনাদের স্মরণ করছি, যাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে। আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত। এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন।’

তাদের (ভারতীয় সেনা) এই বীরত্বগাথা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি।

গত বছরও নরেন্দ্র মোদি একইভাবে ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় হিসেবে দাবি করেছিলেন, যা বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন।

এদিকে, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তার পোস্টে বলেন, ‘বিজয় দিবসে আমাদের সশস্ত্রবাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাদের বীরত্ব, নিষ্ঠা এবং অটল সংকল্প দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করেন। তাদের অদম্য সাহস, সংগ্রাম এবং সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

প্রিয়াঙ্কা গান্ধীও একইভাবে পাকিস্তানের আত্মসমর্পণের প্রসঙ্গ তুলে ভারতের সেনাদের প্রশংসা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করেন। তাঁর পোস্টেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উল্লেখ ছিল না।

তবে ভারতের সেনাবাহিনী আলাদা বার্তায় মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দিয়েছে। তারা লিখেছে, ‘বিজয় দিবস শুধু কোনো একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক।’ মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে উল্লেখ করে তারা বলেন, ‘এটি ছিল সেই বিজয়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে। এ বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে।’

ভারতের নেতাদের পোস্টে বাংলাদেশের প্রসঙ্গ অনুপস্থিত থাকলেও সেনাবাহিনীর বার্তায় মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা দুই দেশের যৌথ সংগ্রামের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে।