সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলার একদিন পর আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণ কর্দোফান রাজ্যের অবরুদ্ধ শহর ডিলিং-এ সেনা হাসপাতালকে লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রোগী ও তাদের স্বজনরাও রয়েছেন। সেনা হাসপাতালটি শুধু সামরিক কর্মীদের নয়, শহর ও আশপাশের সাধারণ বাসিন্দাদেরও চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডিলিং শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) অবরুদ্ধ করে রেখেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফ বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। এ যুদ্ধে উভয় পক্ষের সহযোগী যোদ্ধারাও যুক্ত রয়েছে। তবে আরএসএফ প্রায়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ডিলিং শহরের মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। তবে তথ্যের ঘাটতির কারণে সরকারিভাবে বিষয়টি ঘোষণা করা সম্ভব হয়নি। চলমান সংঘাতে দেশজুড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট হিসেবে চিহ্নিত।
এর আগে শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার ঘটনায় ছয়জন সেনা নিহত এবং আটজন আহত হন। সেনাবাহিনী এ হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। সেনা বাহিনীর দাবি, এসব হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফের ক্ষমতার দ্বন্দ্বে দেশটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সম্প্রতি আল-ফাশের শহরে আরএসএফ যোদ্ধাদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়। শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে বিভাজন স্পষ্ট হয়েছে। বর্তমানে পশ্চিম সুদান ও দক্ষিণ কর্দোফান প্রদেশের বেশিরভাগ এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চলসহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে।




