বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদি আরবে প্রচণ্ড ঝড়বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবজুড়ে হঠাৎ শুরু হওয়া তুমুল ঝড়-বৃষ্টি জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না ফিরলে বহু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশসহ উত্তর সীমান্তজুড়ে বজ্রসহ ভারি বর্ষণ চলছে। এছাড়া হাইল, তাবুক, আল-জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কুয়াশা অব্যাহত রয়েছে।

মরুময় সৌদিতে এমন প্রবল বর্ষণ সাধারণত বিরল হলেও সাম্প্রতিক কয়েক বছরে এর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। সাগর উপকূলীয় অঞ্চলগুলোয় ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে, যা বাড়তে বাড়তে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। একইভাবে পারস্য উপসাগরের দিক থেকেও দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে।

এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৌদির বিভিন্ন এলাকায় এই অস্থির আবহাওয়া দেখা দিয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়েছে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে কুয়াশা দেখা দিয়েছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করছে।