জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান নিউজের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি দেখা গেছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়। জেএমএ সতর্ক করে জানিয়েছে, এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প ঘটে।
রয়টার্স জানিয়েছে, প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়েছে, হাচিনোহে এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের অধীনে সরকার একটি জরুরি প্রতিক্রিয়া অফিস গঠন করেছে এবং একটি বিশেষ টিম আহ্বান করেছে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা। তিনি বলেন, “আমরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং জরুরি দুর্যোগ মোকাবিলা কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, যার মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও অন্তর্ভুক্ত।”




