পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রতি ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁর পরিবার। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি করেন তাঁর বোন উজমা খান।
কারাগারে গিয়ে ভাইয়ের সঙ্গে মাত্র ২০ মিনিট কথা বলেন উজমা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইমরানের শারীরিক অবস্থা স্বাভাবিক হলেও তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।
উজমার দাবি—ইমরান খানকে দীর্ঘসময় ধরে একটি কক্ষে একা আটকে রাখা হচ্ছে এবং পরিবারের কাউকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে দায়ী করেন।
সাক্ষাতের অনুমতি পেলেও কারাগারে যেতে বোনদের নানা বাধার সম্মুখীন হতে হয়। আদিয়ালা কারাগারমুখী এলাকায় কড়া নিরাপত্তা, সড়ক বন্ধ এবং ব্যাপক পুলিশ মোতায়েনের কারণে আলিমা খান, উজমা খানসহ ইমরানের পরিবারের সদস্যরা হেঁটে কারাগারের দিকে রওনা হন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
এদিকে, বাবার সঙ্গে তিন সপ্তাহ ধরে কোনো যাচাইযোগ্য যোগাযোগ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের ছেলে কাসিম খান। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা জানি না বাবা নিরাপদ কি না, আহত কি না, এমনকি তিনি জীবিত কি না—এটা না জানা মানসিক নির্যাতনের মতো।”
তার অভিযোগ, পরিবারের কারও সঙ্গে নিয়মিত সাক্ষাৎ বা কথা বলতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও এক কারা কর্মকর্তা দাবি করেছেন, ইমরান “সম্পূর্ণ সুস্থ” আছেন এবং তাঁকে অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনা নেই।
৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে তোষাখানা, সাইফার ও আল কাদির ট্রাস্টসহ একাধিক মামলায় কারাবন্দী। মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছে পিটিআই।
অন্যদিকে, পাকিস্তান মানবাধিকার কমিশন (এইচআরসিপি) ইমরান খানের বন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে—পরিবার, আইনজীবী ও ঘনিষ্ঠজনদের সাক্ষাতের সুযোগ না দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘন। প্রতিষ্ঠানটি সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী আচরণের আহ্বান জানিয়েছে।
কাসিম ও সুলাইমান ইসা খান রাজনীতিতে সক্রিয় না হলেও বাবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছেন। কাসিম বলেন, “তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। গণতান্ত্রিকভাবে তাকে পরাজিত করা যায় না বলেই তাকে আলাদা করে রাখা হচ্ছে।”




