বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে বন্যা-ভূমিধস, নিহত ১৫৩, জরুরি অবস্থা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ারের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৯১ জন। শনিবার (২৯ নভেম্বর) পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তারও আবেদন জানিয়েছেন।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে এক সপ্তাহ ধরে অব্যাহত ভারী বর্ষণে ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৮ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, সাময়িকভাবে আরও ৭ লাখ ৯৮ হাজার মানুষের সহায়তা প্রয়োজন।

নিহতদের মধ্যে কুরুনেগালা জেলায় বন্যায় প্লাবিত একটি বৃদ্ধাশ্রমের ১১ জন বাসিন্দাও রয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার বন্যায় আটকা পড়া ৬৯ জন বাসযাত্রীকে সেনাবাহিনী উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন জার্মান পর্যটকও রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নৌবাহিনীর সাহায্যে পানি পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন। প্রাথমিকভাবে হেলিকপ্টার উদ্ধার পরিকল্পনা বাতিল করা হয়েছিল, কারণ বাতাসের কারণে ছাদ ধসে যাওয়ার আশঙ্কা ছিল।

নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ায় কলম্বো থেকে কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও রাজধানীসহ অন্যান্য অঞ্চলে বৃষ্টি কমেছে।