বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৮৫, নিখোঁজ শতাধিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৮৫ জনে দাঁড়িয়েছে। গত ছয় দশকের মধ্যে শহরটির সবচেয়ে বড় এই অগ্নিকাণ্ডে এখনও ২৭০ জনের বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। নিহতদের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো একজন দমকলকর্মীও রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য উঠে এসেছেন।

বুধবার স্থানীয় সময় বিকাল ২টা ৫১ মিনিটে ৩১ তলা উচ্চতার আটটি ভবনবিশিষ্ট কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। দমকল বিভাগ জানায়, বৃহস্পতিবার পর্যন্ত কমপ্লেক্সের চারটি ভবনের আগুন নেভানো গেছে এবং বাকি অংশ ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তারপরও উপরের তলাগুলোতে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে লড়াই চলছে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন জন লি জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কমপক্ষে ২৭৯ জন বাসিন্দার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাসিন্দা লরেন্স লি জানান, তার স্ত্রী অ্যাপার্টমেন্ট থেকে বের হতে গিয়ে ধোঁয়ায় ঢেকে যাওয়া করিডরে আটকে পড়েন এবং বাধ্য হয়ে ফিরে যেতে হয়।

ইন্দোনেশীয় নাগরিক ইয়াইয়ুক বলেন, তার বড় বোন শ্রী–ওয়াহিউনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। “সারা রাত ঘুমাতে পারিনি। সকালে কনস্যুলেটে গিয়ে জানার চেষ্টা করেছি তিনি কোনো হাসপাতালে ভর্তি আছেন কি না,” বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কমপক্ষে ৭০ জন মানুষ দগ্ধ ও ধোঁয়া–শ্বাসজনিত সমস্যায় চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংস্কারকাজ চলার সময় ভবনের বাইরের বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) ও প্লাস্টিকের নেটিং থেকে আগুন দ্রুত ছড়ায়। সাতটি ব্লক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ এক টাওয়ারের প্রতিটি তলার লিফট লবির পাশ থেকে অত্যন্ত দাহ্য স্টাইরোফোম উদ্ধার করেছে। নির্মাণ সামগ্রীর নিম্নমান, অগ্নিপ্রতিরোধী নয় এমন প্লাস্টিকের শিট, কার্ডবোর্ড, ধ্বংসাবশেষ, রঙ পাতলা করার কেমিকেল—সব মিলেই আগুন ছড়িয়ে পড়ার গতি বৃদ্ধি পায়।

অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়েব বলেন, “সাধারণত ভবনগুলোর মধ্যে যথেষ্ট দূরত্ব থাকে, ফলে আগুন এক ভবন থেকে অন্য ভবনে ছড়ায় না। কিন্তু এখানে ব্যতিক্রম ঘটেছে—যা অত্যন্ত উদ্বেগজনক।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ থেকে ৬৮ বছর বয়সী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন নির্মাণ কোম্পানির পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শদাতা। পুলিশ বলেছে, “চরম অবহেলার” কারণে মানবহত্যার সন্দেহে তাদের আটক করা হয়েছে।

ঘটনাস্থলে মোট ৭৬৭ জন দমকলকর্মী, ১২৮টি ইঞ্জিন, ৫৭টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অনেক সময় দমকলকর্মীরা ভবনে প্রবেশ করতে পারেননি এবং বেশ কিছু স্থানে ফায়ার হোস ওপরের তলায় পৌঁছাতেও ব্যর্থ হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

নিহত ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার ৩০০ মিলিয়ন হংকং ডলার (৩৮.৬ মিলিয়ন ইউএস ডলার) তহবিল গঠন করেছে। শাওমি, এক্সপেং, জিলি এবং আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মার ফাউন্ডেশনসহ একাধিক চীনা প্রতিষ্ঠানও সহায়তার ঘোষণা দিয়েছে।