হংকংয়ের তাই পো এলাকায় ওয়াং ফুক কোর্ট নামের একটি বিশাল বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এখনো খোঁজ মিলছে না ২৭৯ জন বাসিন্দার। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে। ১,৯০০–এর বেশি ফ্ল্যাটের এই কমপ্লেক্সে বাস করেন প্রায় ৪ হাজার ৬০০ মানুষ। আগুন লাগা ভবনগুলোর ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
দমকল কর্মীরা জানান, প্রবল তাপ এবং ধোঁয়ার কারণে ভবনের ওপরের কয়েকটি তলায় পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। রাত নামায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে ওঠে। ভবনের বাইরে থাকা ফ্ল্যাটগুলোর বাঁশের ভারা এবং সুরক্ষা জাল আগুনে পুড়ে নিচে পড়ে থাকতে দেখা গেছে।
আগুনকে প্রথমে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে ঘোষণা করা হলেও পরিস্থিতি দ্রুত অবনতি হলে বিকাল ৩টা ৩৪ মিনিটে তা ৪ নম্বরে এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সর্বোচ্চ ৫ নম্বরে উন্নীত করা হয়—যা হংকংয়ে অগ্নিকাণ্ডের সর্বোচ্চ সতর্কতার স্তর।
ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। আটকা পড়া স্বজনের খোঁজ করছেন তারা। কেউ কেউ অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফিরলেও রাতটি কোথায় কাটাবেন সেবিষয়ে ভাবতে পারছেন না।
বুধবার রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জরুরি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণ এবং হতাহতের সংখ্যা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন।
এর আগে ১৯৯৬ সালে কোউলুনের একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জন নিহত হন। তার পর থেকে এটি হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্ধার অভিযান এখনো চলছে, এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।




