আমেরিকার সঙ্গে ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্ক মঙ্গলবার কায়রোতে বৈঠক করেছে। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ‘সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করার উপায়’ নিয়ে আলোচনা হয়েছে।
মিশরীয় রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম আল–কাহেরা নিউজ জানায়, বৈঠকে মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।
মিশর, কাতার, তুরস্ক ও আমেরিকা—চার দেশই ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া দুই বছরের গাজা চুক্তির মধ্যস্থতাকারী ও গ্যারান্টর হিসেবে কাজ করছে। বৈঠকের দু’দিন আগে একটি উচ্চপর্যায়ের হামাস প্রতিনিধি দল মিশরীয় গোয়েন্দাপ্রধান হাসান রাশাদের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা করেছে।
দ্বিতীয় ধাপে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন এবং গাজা উপত্যকার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। বৈঠকে ‘বাধা অতিক্রম ও লঙ্ঘন সীমিত করার উপায়’ নিয়েও আলোচনা হয়েছে, যাতে যুদ্ধবিরতি টিকে থাকে।
ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
মধ্যস্থতাকারীরা আরও জানিয়েছেন, তারা আমেরিকা ও তার মিত্রদের দ্বারা দক্ষিণ ইসরায়েলে স্থাপন করা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্র—সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার—এর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন।




