বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিন্ধু অঞ্চল নিয়ে ভারত–পাকিস্তানের নতুন উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারও তীব্র উত্তেজনায় জড়িয়েছে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ—ভারত ও পাকিস্তান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে।

রবিবার দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “সিন্ধু এখন ভারতের সঙ্গে নেই, কিন্তু সীমান্ত বদলাতেই পারে। ভবিষ্যতে সিন্ধু অঞ্চল ভারতে ফিরে আসাও অসম্ভব নয়।” তাঁর এই মন্তব্যকে ভারতীয় গণমাধ্যমগুলো ‘বিস্ফোরক’ হিসেবে আখ্যা দিয়েছে।

রাজনাথ সিং আরও বলেন, দেশভাগের পর পাকিস্তান অংশে পড়ে যাওয়া সিন্ধু অঞ্চল থেকে বহু সিন্ধি হিন্দু ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। তিনি লালকৃষ্ণ আদভানির লেখা উদ্ধৃত করে জানান, সিন্ধি হিন্দুরা আজও সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নিতে পারেননি।

রাজনাথ সিংয়ের বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে মন্তব্যটিকে “বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি” হিসেবে বর্ণনা করেছে।

পাকিস্তান জানায়, সিন্ধু ‘ভারতের কাছে ফিরে আসতে পারে’—এমন মন্তব্য কেবল উসকানিমূলক নয়, বরং দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।
তাঁরা ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানায়, এ ধরনের উত্তেজনাকর মন্তব্য থেকে বিরত থেকে নিজেদের দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ—বিশেষত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে।

পাকিস্তান আরও বলে, ধর্মীয় সহিংসতার জন্য দায়ীদের শাস্তি দেওয়া এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্ট সামাজিক বৈষম্য দূর করাই ভারতের কর্তৃপক্ষের উচিত কাজ।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই মন্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।