ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন শিশু রয়েছে, এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় শহরের আবাসিক ভবনের ওপরের তলাগুলো ধসে পড়ে এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমাঞ্চলীয় শহর টেরনোপিলে চালানো এই হামলা কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এবং ২০২২ সালে মস্কোর আগ্রাসনের পর যুদ্ধের সরাসরি সামনের লাইন থেকে দূরে পশ্চিম ইউক্রেনে এটি সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ।
রয়টার্স জানিয়েছে, গত রাতে রাশিয়া ৪৭০টিরও বেশি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে হিমশীতল তাপমাত্রায় বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। পশ্চিম ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের রেজেসো এবং লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আকাশসীমা সুরক্ষার জন্য পোলিশ এবং ন্যাটো বিমান মোতায়েন করা হয়েছে।
টেরনোপিলে হামলার পর ধোঁয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি জানিয়েছেন, বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়তে পারেন। তিনি মিত্রদের আহ্বান জানিয়েছেন, রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করে ইউক্রেনে চলা চার বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে হবে।
ইউক্রেনীয় জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, সাতটি অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। সারা দেশে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া।




