গাজা পরিস্থিতি নিয়ে আমেরিকা উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবটির মূল লক্ষ্য গাজার নাজুক যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা, টেকসই শান্তির পথ তৈরি করা এবং বিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা।
সোমবার স্থানীয় সময় অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। তারা ভেটো প্রয়োগ না করায় প্রস্তাবটি সহজেই পাস হয়ে যায়।
এই প্রস্তাব মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার আন্তর্জাতিক বৈধতা শক্তিশালী করার অংশ হিসেবে উত্থাপিত হয়। পরিকল্পনার কয়েকটি অংশ গত মাসে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করে। প্রস্তাবটি পাস করাতে আমেরিকা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়। ভোটের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এটি আমার সভাপতিত্বে ঘোষিত ‘শান্তি বোর্ড’কে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে সম্মানিত নেতারা যুক্ত রয়েছেন।”
সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত প্রস্তাব খসড়া অনুযায়ী, এতে ট্রাম্প পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ‘শান্তির বোর্ড’ গঠন এবং সেখানে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের অনুমোদন। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করবে এই বাহিনী।
নিরাপত্তা পরিষদের সদস্যদের মতে, এ সিদ্ধান্ত গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও পুনর্গঠন প্রক্রিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে রাশিয়া ও চীন জানিয়েছে, তারা মনে করে আরও বিস্তৃত আলোচনার প্রয়োজন ছিল। তা সত্ত্বেও তারা প্রস্তাবে ভেটো দেয়নি, যাতে গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ বাধাগ্রস্ত না হয়।
গাজায় যুদ্ধবিরতির পর স্থায়ী রাজনৈতিক সমাধান ও পুনর্গঠনের জন্য এ প্রস্তাবকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।




