বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজযাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ভারতীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাত এলাকায় ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং সংঘর্ষের পর বাসে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তারা বাইরে বের হতে পারেননি। বাস সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। একমাত্র জীবিত উদ্ধারকৃত ব্যক্তি মোহাম্মদ আবদুল শোয়াইব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে নিহত ও আহতদের তথ্য সংগ্রহে কাজ করছে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট কমিশনার নিহতদের শনাক্তকরণ এবং তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন এবং সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানান, বাসে মোট ৪২ জন ওমরাহ হজযাত্রী ছিলেন। তিনি ভারতের রিয়াদ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমি ব্যথিত। আমি নিহতদের পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি।’