বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

বিহারে বিপুল ভোটে জয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিপুল ভোটে জয়ী হয়েছে। ২৪৩ আসনের এই বিধানসভায় এনডিএ ২০২টি আসন পেয়েছে।

রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর ‘মহাজোট’ একরকম ব্যর্থ হয়েছে। বিরোধী মহাজোট মাত্র ৩৫টি আসন পেয়েছে।

২৪৩ আসনের বিহার বিধানসভার ম্যাজিক ফিগার ১২২ হলেও এবার এনডিএ জোট ২০২টি আসন পেয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ, এলজেপি ও বিজেপি অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বিজয়কে সুশাসন, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের জয় হিসেবে উল্লেখ করেছেন। মোদি বিজয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিহারের জনগণকে ধন্যবাদ জানান।

এদিকে কংগ্রেসের শোচনীয় ফলাফল নিয়ে দলে সমালোচনার সুর। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘এটি হতাশাজনক। আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।’

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭.১৩ শতাংশ। নির্বাচনে কোনো সহিংসতা বা পুনর্নির্বাচনের ঘটনা না ঘটায় নীতিশ সরকারের সুশাসনের পরিচয় মিলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

নীতিশ কুমার পঞ্চমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তার নেতৃত্বাধীন জোট বিহারের ক্ষমতায় ছিল। নীতিশ কুমারের রাজনৈতিক জীবনেও দীর্ঘ ইতিহাস রয়েছে—সত্তরের দশকে সমাজবাদী রাজনীতিতে সক্রিয়, ১৯৯৫ সালে প্রথমবার বিজেপির সঙ্গে জোট গঠন এবং ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া।