ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার বলেছেন, আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। তিনি অভিযোগ করেছেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে এবং ফরাসি মহাকাশ স্থাপনাগুলোকে দীর্ঘদিন ধরে নজরদারি করছে।
ম্যাক্রোঁ এই মন্তব্যটি করেছেন ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে। তার মতে, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। তিনি দাবি করেন, রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহ পর্যবেক্ষণ করছে এবং ফরাসি স্থাপনাগুলো জিপিএস সিগন্যাল জ্যাম ও সাইবার আক্রমণের শিকার হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এই ধরনের কার্যকলাপকে বিশ্বব্যাপী হুমকি হিসেবে উল্লেখ করেছেন এবং ফ্রান্সের সামরিক কার্যক্রমকে মহাকাশে বিস্তৃত করার ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, মহাকাশে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাড়াতে ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে।
ম্যাক্রোঁ সুনির্দিষ্টভাবে বলেননি, এই অর্থ কোন কোন ক্ষেত্রে ব্যয় করা হবে। তবে ধারণা করা হচ্ছে, ফ্রান্সের মহাকাশ কৌশলে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার, উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন এবং অন্যান্য সামরিক প্রযুক্তি উন্নয়নে এটি ব্যবহার হতে পারে।
ম্যাক্রোঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, মহাকাশ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশগুলোকে এর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।




