বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ার সীমান্তে নৌকাডুবি: নিখোঁজ শতাধিক, ১ বাংলাদেশিসহ উদ্ধার ১০

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড–মালয়েশিয়া সীমান্তের কাছে সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে; তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও আছেন। একই সঙ্গে একজন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ ও পার্লিসের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তফা জানান, তিন দিন আগে নৌকাটি সাগরে ডুবে যায়। এটি মিয়ানমারের বুথিডং থেকে ছেড়ে এসেছিল। তার ভাষায়, এখনও আরও ভুক্তভোগীকে পাওয়ার সম্ভাবনা আছে এবং তল্লাশি অব্যাহত রয়েছে।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে উদ্ধৃত করে কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানিয়েছেন, জীবিত ১০ জনকে মালয়েশিয়ার ল্যাঙ্কাউই দ্বীপের উপকূলে পাওয়া যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক, তাদের দু’জন রোহিঙ্গা; অপরজন বাংলাদেশের নাগরিক।

নিখোঁজদের সন্ধানে উপকূলে ও সমুদ্রে টহল ও অনুসন্ধান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের মুসলিমপ্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের অনেকেই দীর্ঘদিন ধরে নিপীড়নের মুখে সমুদ্রপথে দেশটি ছাড়তে বাধ্য হন।