বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পারমাণবিক স্থাপনা নতুন করে গড়ে তুলবে ইরান: পেজেশকিয়ান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরায়েল–আমেরিকার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো “আরও শক্তিশালীভাবে” পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান পরমাণু বোমা তৈরি করবে না। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইরানের পরমাণু শক্তি সংস্থা পরিদর্শন শেষে পেজেশকিয়ান বলেন, “ভবন ও কারখানা ধ্বংস করে আমাদের আটকানো যাবে না। আমরা পূর্ণ শক্তি দিয়ে সেগুলো আবার তৈরি করব।” এসময় তিনি দেশটির পরমাণু কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি গত জুনে আক্রান্ত স্থাপনাগুলো ফের চালু করার চেষ্টা করে, তবে তিনি “নতুন করে হামলার” নির্দেশ দেবেন। জুনের হামলার সময় ওয়াশিংটন দাবি করেছিল, ইরান সেখানে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছিল। তেহরান সে অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে, ইরানি প্রেসিডেন্ট বলেন, দেশের পরমাণু কর্মসূচি মানুষের সমস্যা সমাধান, রোগ ও জনস্বাস্থ্য মোকাবিলার মতো বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সামরিক উদ্দেশ্যে বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই।

চলতি বছরের জুনে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলার পর কয়েকটি স্থাপনা অচল হয়ে পড়ে বলে তেহরান জানিয়েছে। সেই স্থাপনাগুলো পুনর্নির্মাণ ও সক্ষমতা পুনরুদ্ধারের অঙ্গীকারই দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। পরিস্থিতি উত্তপ্ত হলেও, তেহরান বলছে তাদের লক্ষ্য প্রযুক্তিগত সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক চাপের মধ্যেও বেসামরিক কর্মসূচি এগিয়ে নেওয়া।