তুরস্কের অনুরোধে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে স্থগিত আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার দেশটির কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকটি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে পারে।
সূত্র জানায়, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে এর আগে একাধিক দফা বৈঠক হলেও কার্যকর সমাধান মেলেনি। আঞ্চলিক উত্তেজনা কমানো ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে মধ্যস্থতাকারী হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে তুরস্ক।
বুধবার এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার চার দিনব্যাপী সংলাপকে “কার্যকর সমাধানহীন” বলে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবান সরকারের কাছে সন্ত্রাসবিরোধী সহযোগিতা চাইছে—বিশেষ করে পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালানো জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে।
তারারের দাবি, কাবুলে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তবর্তী সন্ত্রাসবাদ নিয়ে বারবার আলোচনা হয়েছে; যা তার ভাষায় “ভারত–সমর্থিত ফিতনা আল খারিজ (টিটিপি) ও ফিতনা আল হিন্দুস্তানের (বিএলএ) কর্মকাণ্ডের ফল।” তিনি আরো বলেন, দোহা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানালেও ফল পাওয়া যায়নি।
তথ্যমন্ত্রীর ভাষ্যে, আফগান তালেবান সরকারের “অব্যাহত সন্ত্রাসী সমর্থন” পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ করছে; “তালেবান সরকার আফগান জনগণের প্রতি দায়বদ্ধতা দেখায় না, যুদ্ধভিত্তিক অর্থনীতিতেই তারা টিকে আছে।”
এদিনই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে লিখেছেন, “ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অনুরোধে শান্তির সুযোগ দিতে আমরা আলোচনায় বসেছি, কিন্তু কয়েকজন আফগান কর্মকর্তার বিষাক্ত মন্তব্য তালেবান শাসনের বিভক্ত ও কৌশলী মানসিকতার ইঙ্গিত দেয়। এবারের ধৃষ্টতা ও উপহাস আমরা আর সহ্য করব না।” তিনি সতর্ক করে দেন, পাকিস্তানের ভেতরে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটলে “কঠোর ফল” ভোগ করতে হবে।
নতুন করে আলোচনায় বসার সম্মতি পাওয়া গেলেও বৈঠকের তারিখ ও এজেন্ডা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।




