বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

নেতানিয়াহুর নির্দেশে গাজায় ফের হামলা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে। এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে দ্রুত জোরালো হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানায়; এর পরপরই হামলা শুরু হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা–সংক্রান্ত পরামর্শের পর সেনাবাহিনীকে গাজায় “খুব শিগগির” জোরালো অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পটভূমিতে রয়েছে সোমবার হামাসের হস্তান্তর করা একটি কফিনে পাওয়া দেহাবশেষ নিয়ে ইসরায়েলের আপত্তি। ইসরায়েলের দাবি, ফরেনসিক পরীক্ষায় কফিনের দেহাবশেষ গাজায় এখনো আটক ১৩ জিম্মির কারও নয়।

এ প্রেক্ষাপটে ইসরায়েল দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে হামাসের বিরুদ্ধে। অপরদিকে এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিতে ইসরায়েল “অতিরঞ্জিত ও বানোয়াট অজুহাত” দাঁড় করাচ্ছে এবং জিম্মিদের মৃতদেহ খোঁজার প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে।

এদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আলাদা ঘটনায় ইসরায়েলি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট ইয়ামাম স্নাইপারদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর বরাতে জানা যায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তরাঞ্চলীয় গ্রাম কাফর কুদে, যা জেনিনের নিকটবর্তী।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শিন বেতের তথ্যের ভিত্তিতে ইয়ামাম, শিন বেত ও আইডিএফ যৌথভাবে অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রামের একটি গুহা থেকে তিন ব্যক্তি বেরিয়ে এলে ইয়ামামের স্নাইপাররা লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আর পশ্চিম তীরে প্রাণঘাতী এই অভিযানের ঘটনাবলি—ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে উত্তেজনা আবারও বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকদের মত।