বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজানকে নিয়োগ দিয়েছে সরকার। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে ৯০ বছর বয়সী এই আলেমকে নিয়োগ দেওয়ার বিষয়টি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে। বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শেখ সালেহ মারা যাওয়া গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-আশেখের স্থলাভিষিক্ত হলেন। তিনি ধর্মীয় পণ্ডিত স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা জেনারেল প্রেসিডেন্সির সভাপতির দায়িত্বও পালন করবেন।

১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল কাসিম প্রদেশে জন্ম। পিতার মৃত্যুর পর স্থানীয় একজন ইমামের কাছে কোরআন শিক্ষালাভ করেন। রেডিও অনুষ্ঠান ‘নূর আলা আল দারব’ (পথ আলোকিত করুন), বহু গ্রন্থ রচনা এবং গণমাধ্যমে বক্তব্যের জন্য তিনি সুপরিচিত। অতি–রক্ষণশীল ইসলামী পণ্ডিত হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।

প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-আশেখ গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। নতুন নিয়োগের মাধ্যমে সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন সম্পন্ন হলো।