বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন প্রভাবশালী ইহুদি ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা এবং গণহত্যার মতো কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ এবং বিশ্বনেতাদের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রভাবশালী ইহুদি ব্যক্তিরা। প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তা, অস্কার বিজয়ী, লেখক ও বুদ্ধিজীবীসহ ৪৫০-এর বেশি ইহুদি একটি খোলা চিঠিতে এই দাবি তুলেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আমরা ভুলে যাইনি যে, সকল মানবজীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত আইন, সনদ ও সম্মেলন হলোকস্টের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে। ইসরায়েল এই সুরক্ষাগুলো লঙ্ঘন করেছে।”

চিঠিতে তাদের দাবি, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় বজায় রাখার পাশাপাশি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করা, নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা। এছাড়া, শান্তি ও ন্যায়বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ‘ইহুদি-বিদ্বেষ’ অভিযোগ প্রত্যাখ্যানেরও আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে সই করেছেন ইসরায়েলি পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আভ্রাহাম বার্গ, প্রাক্তন শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথান গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, এমি বিজয়ী ইলানা গ্লেজার, পুলিৎজার বিজয়ী বেঞ্জামিন মোজারসহ আরও অনেকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। জাতিসংঘের অনুমান, জনসংখ্যার প্রায় ৯০% অভ্যন্তরীণভাবে কয়েকবার বাস্তুচ্যুত হয়েছে।

আমেরিকার ডেমোক্র্যাটিক সিনেটররা এই অঞ্চলে তদন্তের পর উল্লেখ করেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস এবং জাতিগত নির্মূলের একটি পদ্ধতিগত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই কর্মকাণ্ডে আমেরিকাও জড়িত।

গত ১০ অক্টোবর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের কারণে কার্যকর হয়নি। ফিলিস্তিনি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েল গত ১১ দিনে ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীও হামাসকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের সহিংসতা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবিক কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এই বছরের অক্টোবর মাসে পশ্চিম তীরে হামলায় ৩ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।