জাপানের পার্লামেন্ট ২১ অক্টোবর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচিকে নির্বাচিত করেছে। ৬৪ বছর বয়সী তাকাইচি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টির যৌথ জোট সরকারের নেতৃত্ব গ্রহণ করবেন। প্রথম দফার ভোটে তিনি ২৩৭ ভোট পেয়েছেন, ফলে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হয়নি।
তিনি শিগেরু ইশিবারের স্থলাভিষিক্ত হন এবং এলডিপির রক্ষণশীল শাখার সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তাকাইচিকে ‘জাপানের আয়রন লেডি’ বলা হয় এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত হিসেবে তিনি পরিচিত।
নতুন প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া শক্তিশালী অর্থনীতি বা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ সম্ভব নয়। তার নেতৃত্বে দেশ মন্দা অর্থনীতি মোকাবেলা, আমেরিকা-জাপান সম্পর্ক সামঞ্জস্য এবং অভ্যন্তরীণ দলীয় দ্বন্দ্ব নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মুখোমুখি হবে।




