বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চীন থেকে প্রথম এইচ–১ স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীনের উত্তর–পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচ–১) সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে পাকিস্তান। দেশটির মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামাবাদ।

রবিবার (১৯ অক্টোবর) পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO) এক বিবৃতিতে জানায়, স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি নির্ধারিত কক্ষপথে স্থিতিশীলভাবে অবস্থান করছে।

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট বা এইচ–১ এমন এক উন্নত প্রযুক্তি, যা ভূমি, পানি, বায়ু ও উদ্ভিদের রাসায়নিক ও উপাদানগত সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। প্রচলিত স্যাটেলাইট যেখানে এসব সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে না, সেখানে এইচ–১ স্যাটেলাইট তা নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারে।

এ ধরনের স্যাটেলাইট ফসলের গুণমান পর্যবেক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সুপারকো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রযুক্তি দেশের নির্ভুল কৃষি, নগর পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়িয়ে তুলবে।

এছাড়া, ভূ-বিপর্যয়ের ঝুঁকি চিহ্নিত করার নির্ভুল ক্ষমতা থাকায় এইচ–১ স্যাটেলাইট চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC)–এর মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নেও সহায়তা করবে বলে জানানো হয়েছে।

চীনের সহায়তায় উৎক্ষেপিত এই স্যাটেলাইটকে পাকিস্তানের মহাকাশ প্রযুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা বলে মনে করছে দেশটির নীতিনির্ধারকরা।