বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কাতারের মধ্যস্থতায় তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক কয়েক সপ্তাহের সীমান্তসংঘাতের প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার দোহায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আলোচনায় কাতারের পাশাপাশি তুরস্কও মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে তা নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তান শিগগিরই ফলোআপ বৈঠক করবে।

দোহা আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। পাকিস্তানের গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় অংশ নেন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেন, দোহা বৈঠক পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে এবং এটি পারস্পরিক আস্থা পুনর্গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষ ঘটে। সীমান্তে গোলাগুলি ও বিমান হামলায় কয়েক শ মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের অভিযোগ থেকে—আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে কাবুল। পাকিস্তান এই সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছিল। দুই সপ্তাহ আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, এর প্রতিশোধে আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায়।

ক্রমে এটি বড় আকারের সংঘর্ষে রূপ নেয়, যা দুই দেশের সম্পর্ককে চরম উত্তেজনায় ঠেলে দেয়।

বিশ্লেষকদের মতে, দোহা চুক্তি কেবল যুদ্ধবিরতি নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।