গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলের হামলায় নতুন করে অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো সর্বশেষ হামলায় একই পরিবারের ১১ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নিহতদের পরিবারের গাড়িটি নাকি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল। তবে এই ঘটনার পর যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন এবং এতে চুক্তির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংগঠনটি আমেরিকাসহ মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে না পারলে পরিস্থিতি আবারও রক্তক্ষয়ী রূপ নিতে পারে।
হামাস আরও জানিয়েছে, তারা রেড ক্রসের মাধ্যমে এক নিহত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে।
অন্যদিকে, গাজার মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ রয়ে গেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে বৃহৎ পরিসরে ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সংকটে ভুগছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ১৭৯ জন আহত হয়েছেন।
নতুন এই হামলার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইসরায়েলি অভিযানে বিরতি না এলে সংঘাত পুনরায় ভয়াবহ আকার ধারণ করতে পারে।




