যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এই আকস্মিক হামলার পর আফগান সেনারা পাল্টা অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশন জানায়, পাকতিকার উরগুন ও বারমাল জেলায় শুক্রবার গভীর রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। বোমাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল আবাসিক এলাকা, যেখানে নারী ও শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।
স্থানীয় বাসিন্দারাও পাকিস্তানি ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, কোনো পূর্বসতর্কতা ছাড়াই রাতের অন্ধকারে বোমা নিক্ষেপ করা হয়।
পাকতিকা প্রদেশের কমান্ডিং সেন্টার জানিয়েছে, বিনা উস্কানিতে পাকিস্তান আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। তারা বলেছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে দিনেই আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, “উস্কানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা করবে না।” তবে ওই ঘোষণা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত ইস্যু ও পারস্পরিক অবিশ্বাসই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।




